ভবানীপুরে হাইভোল্টেজ প্রচারের সূচনা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চেতলায় বাড়ি বাড়ি ঘুরলেন মেয়র
​কলকাতা, ২৩ মার্চ (হি.স.): ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে বিশেষ নজর কেড়েছে দক্ষিণ কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সোমবার সকাল থেকেই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোরকদমে প্রচার শুরু
ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে মেয়র


​কলকাতা, ২৩ মার্চ (হি.স.): ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে বিশেষ নজর কেড়েছে দক্ষিণ কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সোমবার সকাল থেকেই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোরকদমে প্রচার শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ চেতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

​এদিন প্রচার অভিযান শুরু হয় চেতলার রাখাল দাস আঢ্যি রোডের সংযোগস্থল থেকে। মেয়র ফিরহাদ হাকিম সদলবলে প্রতিটি বাড়িতে গিয়ে রাজ্য সরকারের খতিয়ান তুলে ধরেন এবং ভোটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে জনসংযোগ করেন। প্রচার চলাকালীন মেয়র জানান, প্রথম দফার এই প্রচার কর্মসূচি মূলত মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যেই শুরু হয়েছে।

​উল্লেখ্য, গত রবিবার অহীন্দ্র মঞ্চে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ভবানীপুর কেন্দ্রের রণকৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই বৈঠকে স্থির হওয়া রণনীতি মেনেই এদিন থেকে পুরোদমে প্রচারের কাজ শুরু হলো। মেয়রের এই বাড়ি বাড়ি প্রচারকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি আসন্ন নির্বাচনে তৃণমূলকে জয়ী করার আবেদন জানান ফিরহাদ হাকিম।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande