মণিপুরের উখরুল জেলায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ কিশোরী
ইমফল, ২৩ মাৰ্চ (হি.স.) : মণিপুরের পার্বত্য জেলাগুলিতে নতুন করে সহিংসতা বাড়ছে। আজ সোমবার বিকালে উখরুল জেলার মংকট চেপু গ্রামে অসামরিক নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণের ফলে এক নাবালিকা গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছ
মণিপুরের উখরুল জেলায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ কিশোরী


ইমফল, ২৩ মাৰ্চ (হি.স.) : মণিপুরের পার্বত্য জেলাগুলিতে নতুন করে সহিংসতা বাড়ছে। আজ সোমবার বিকালে উখরুল জেলার মংকট চেপু গ্রামে অসামরিক নাগরিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণের ফলে এক নাবালিকা গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সরকারকে হস্তক্ষেপের দাবি উঠেছে এলাকায়।

উখরুলের কুকি সিএসও ওয়ার্কিং কমিটির জারিকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে প্রায় আজ বেলা প্ৰায় ১-টা ৭ মিনিট নাগাদ। তখন গ্রামের পুরুষ ও মহিলারা লেন্থেই মোল কৃষিখেতে দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত ছিলেন। এলাকাটি মূল বসতি থেকে মাত্র ৫০০ থেকে ৬০০ মিটার দূরে অবস্থিত। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত করে সন্দেহভাজন তাংখুল সশস্ত্র স্বেচ্ছাসেবকরা থউবাল নদীর ওপারে একটি উঁচু পাহাড়ি অবস্থান থেকে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে কুকি সিএসও ওয়ার্কিং কমিটি।

আকস্মিক গুলিবর্ষণে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। কিশোরীটির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তার শারীরিক অবস্থা কেমন তা-ও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় ২০ জনেরও বেশি গ্রামবাসী খোলা মাঠে আটকে পড়েন। গুলির বৃষ্টি চলতে থাকায় তাঁরা নিরাপদে সরে যেতে পারছিলেন না। ফলে কৃষিখেতে মুহূর্তের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

কুকি সিএসও ওয়ার্কিং কমিটির অভিযোগ, নিরস্ত্র অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তাঁদের গুরুতর বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা একে ‘ভয়াবহ ও অমানবিক কাজ’ বলে আখ্যা দিয়েছে। বলা হয়েছে, ‘এটি কেবল একটি গ্রামের ওপর হামলা নয়, এটি মানবতা ও অসামরিক মর্যাদার ওপর আঘাত’।

অবিলম্বে পদক্ষেপের আহ্বান জানিয়ে কমিটি সরকার ও নিরাপত্তা সংস্থার কাছে কয়েকটি দাবি পেশ করেছে। দাবিগুলি যথাক্রমে গুলিবর্ষণ অবিলম্বে বন্ধ করা, আটকে পড়া গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়া, উখরুল সড়কপথ ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি, সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিষ্ক্রিয় করতে ব্যাপক তালাশি অভিযান চালানো এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande