ভাঙড়ে দেওয়াল দখল ঘিরে রণক্ষেত্র: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে আহত একাধিক, এলাকায় উত্তেজনা
ভাঙড়, ২৩ মার্চ (হি.স.): নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত ভাঙড়। দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটল। সোমবার রাতে ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালী মাঝে
ভাঙড়ে দেওয়াল দখল ঘিরে রণক্ষেত্র: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে আহত একাধিক, এলাকায় উত্তেজনা


ভাঙড়, ২৩ মার্চ (হি.স.): নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত ভাঙড়। দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটল। সোমবার রাতে ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালী মাঝেরপাড়া এলাকায় এই ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত এক আইএসএফ কর্মীকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বড়ালী মাঝেরপাড়া এলাকায় দেওয়াল লিখনের কাজ শেষ করে রাতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে খিচুড়ি ভোজের আয়োজন করেছিল আইএসএফ। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আইএসএফ কর্মীদের ওপর হামলা চালায়। আইএসএফ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তৃণমূল কর্মীরা তাঁদের কর্মীদের বেধড়ক মারধর করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নলমুড়ি ব্লক হাসপাতাল থেকে সরাসরি কলকাতায় রেফার করা হয়েছে। বাকি আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনো যোগসূত্র নেই। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় নতুন করে কোনো অশান্তি যাতে না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande