
জলপাইগুড়ি, ২৩ মার্চ (হি. স.): ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসায় মঙ্গলবার আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভাকে সামনে রেখে সোমবার থেকেই এলাকায় জোরকদমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। এদিন চালসা এলাকার বিভিন্ন জনবহুল স্থানে নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়। দলীয় কর্মী-সমর্থকেরা দলীয় প্রতীক ও বিভিন্ন নির্বাচনী স্লোগান লিখে প্রচার চালান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি, মাটিয়ালি বাতাবাড়ি ১ অঞ্চল সভাপতি শচীন দার্নাল, পঞ্চায়েত সমিতির সদস্য অর্জুন মিঝার, দেবরাজ দাস, রৌমেন ঘোষসহ অন্যান্য নেতা-কর্মীরা। মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি জানান, মঙ্গলবার তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসায় জনসভা করতে আসবেন। সেই সভাকে সফল করতে এবং দলীয় প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে সোমবার থেকেই দেওয়াল লিখন শুরু করা হয়েছে। মাটিয়ালি ব্লকের পাঁচটি অঞ্চলেই পর্যায়ক্রমে এই দেওয়াল লিখন কর্মসূচি চলবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চালসা ও আশপাশের এলাকায় রাজনৈতিক প্রচার তুঙ্গে উঠেছে এবং কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়