
শিবপুর, ২৩ মার্চ (হি. স.):- ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে শিবপুরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার সানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি।নিজেকে এলাকার ‘ঘরের ছেলে’ দাবি করে রুদ্রনীল ঘোষ বলেন, শিবপুরের অলিগলি তাঁর চেনা এবং এলাকার মানুষ বহিরাগত কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। বিদায়ী তৃণমূল বিধায়ককে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও মানুষের কাজ না করার কারণেই তাঁকে দল আর টিকিট দেয়নি। পাশাপাশি তৃণমূলের নতুন প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, যাঁকে বালি থেকে আনা হয়েছে, তিনি সেখানেও কোনও কাজ করেননি এবং এখন মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হচ্ছে।রুদ্রনীলের দাবি, শিবপুরের মানুষ কোনও ‘বোঝা’ বইতে রাজি নয় এবং এবার নির্বাচনে স্থানীয় বনাম বহিরাগত ইস্যুই বড় ফ্যাক্টর হতে চলেছে। রাজনৈতিক মহলের মতে, শিবপুর বিধানসভা কেন্দ্রে এবার ‘ভূমিপুত্র বনাম বহিরাগত’ লড়াই নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়