
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): ভোট বড় বালাই। তাই নির্বাচনী প্রচারের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও আচারের ওপর বিশেষ জোর দিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামিম আহমেদ। সোমবার সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে উস্থি বাজারের রাধা গোবিন্দ মন্দিরে প্রার্থনা করার মধ্য দিয়ে তাঁর প্রচার অভিযান শুরু হয়। মন্দিরের পুরোহিতের আশীর্বাদ নেওয়ার পর তিনি সরাসরি যান উস্থি জামে মসজিদে। সেখানে দোয়া সেরে আনুষ্ঠানিকভাবে ভোট ময়দানে নামেন তিনি।কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই প্রার্থীরা কোমর বেঁধে ময়দানে নামতে শুরু করেছেন। সেই আবহে মগরাহাট পশ্চিমে সকাল থেকেই সক্রিয় মেজাজে দেখা যায় শামিম আহমেদকে। উস্থি থেকে ঘোলা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রায় অংশ নেন তিনি। পদযাত্রা চলাকালীন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। নির্বাচন পরবর্তী সময়ে সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাসও দেন প্রার্থী।পদযাত্রা শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলের কয়েকজন কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রার্থী শামিম আহমেদ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কেন্দ্রে এখনও পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা না করায়, প্রচারের প্রাথমিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত