
আরামবাগ, ২৩ মার্চ (হি.স.): ভোট বড় বালাই। তাই প্রচারের ময়দানে নেমে জনসংযোগের কোনো সুযোগই হাতছাড়া করতে চাইছেন না প্রার্থীরা। সোমবার সকালে আরামবাগ বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়ে রীতিমতো চপ ভেজে সাধারণ মানুষের নজর কাড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতা বাগ। তবে প্রার্থীর এই ‘চপ শিল্প’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির।
এদিন সকালে আরামবাগের সবজি বাজারে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে যান মিতা বাগ। সেখানে ক্রেতা, বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতজোড় করে আশীর্বাদ চান। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। প্রচারের মাঝেই হঠাৎ একটি চপের দোকানে ঢুকে পড়েন প্রার্থী। সেখানে কড়াইয়ের সামনে বসে নিজের হাতে চপ ভাজতে শুরু করেন তিনি। শুধু চপ ভাজাই নয়, সেই গরম চপ ক্রেতাদের হাতে তুলেও দেন তিনি। প্রার্থীর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
তবে এই চপ ভাজাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। মজার বিষয় হলো, যে দোকানের সামনে দাঁড়িয়ে মিতা বাগ চপ ভাজছিলেন, তার পাশেই বিজেপির একটি দেওয়াল লিখন ছিল। তাতে লেখা ছিল— দরকার ছিল শিল্প, পিসি বলল লন্ডনের গল্প; যুবকরা চাইল কাজ, পিসি বলে চপ ভাজ। এই দেওয়াল লিখনের পাশেই তৃণমূল প্রার্থীর চপ ভাজাকে ঘিরে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান দিতে না পেরে তৃণমূল এখন চপ ভাজাকেই ভবিতব্য করে তুলেছে। পাল্টা তৃণমূল শিবিরের দাবি, সাধারণ মানুষের রুটি-রুজির সঙ্গে একাত্ম হতেই প্রার্থী এই কাজ করেছেন। সব মিলিয়ে আরামবাগের চপ ভাজাকে কেন্দ্র করে সরগরম এলাকার রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA