ধর্মনগর উপ-নির্বাচন : মনোনয়ন দাখিল করলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ মার্চ (হি.স.) : ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্য তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি ধর্মনগর মহকুমা শাস
কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল


ধর্মনগর (ত্রিপুরা), ২৩ মার্চ (হি.স.) : ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্য তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানি চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন পত্র জমা দেন।

এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে ধর্মনগর শহরে কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। সকাল থেকেই কর্মী-সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন প্রান্ত সরগরম হয়ে ওঠে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রিটার্নিং অফিসারের দফতরের উদ্দেশ্যে অগ্রসর হয়।

মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্বাচনী আবহে এই মিছিল শহরের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। মিছিল শেষে চয়ন ভট্টাচার্য নির্ধারিত নিয়ম মেনে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। এসময় তাঁর সঙ্গে দলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান সুদৃঢ় করতে মাঠে নেমেছে। প্রার্থীদের মনোনয়ন দাখিল পর্ব শুরু হওয়ায় নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আগামী দিনে জোরদার প্রচার, জনসংযোগ ও সভা-সমাবেশের মাধ্যমে এই লড়াই আরও তীব্র হবে বলে ধারণা করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ, ২৪ মার্চ হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৬ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনা হবে ৪ মে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধর্মনগর কেন্দ্রে মোট ৪৬,১৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৩,৭৬৩ জন মহিলা এবং ২২,৩৮০ জন পুরুষ ভোটার। নির্বাচন পরিচালনার জন্য মোট ৫৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে—এর মধ্যে ৩২টি শহরাঞ্চলে এবং ২৩টি গ্রামাঞ্চলে। এছাড়া ১২ জন সেক্টর সিভিল অফিসার নিয়োগ করা হয়েছে, যাঁদের মধ্যে চারজনকে রিজার্ভ রাখা হয়েছে। সবমিলিয়ে, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande