
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : রাজকীয় আয়োজন আর খুদে ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্সে স্মরণীয় হয়ে রইল ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল। বুধবার ফাইনালে পাটুলি ক্রিকেট অ্যাকাডেমিকে ৭৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পল্লীশ্রী। প্রাক্তন ক্রিকেটার তথা বোর্ড প্রতিনিধি মিঠুন মানহাসের উপস্থিতি এই ফাইনালের গরিমা আরও বাড়িয়ে দিয়েছিল।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পল্লীশ্রী। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শৌভিক ঘোষ। মাত্র ৩২ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন স্পন্দন দে (২৮ বলে ৬৫)। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৫ রানের বিশাল স্কোর খাড়া করে পল্লীশ্রী।
জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় লক্ষ্য ছোঁয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। নীল সরকারের ২৬ বলে ৪৮ রানের লড়াকু ইনিংস কিছুটা আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পল্লীশ্রীর বোলার মহম্মদ মেহরাব মোল্লা (১১ রানে ২ উইকেট) ও বেদ বিজয় রায় (২৩ রানে ২ উইকেট) নিয়ন্ত্রিত বোলিং করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ উইকেটে ৮২ রানেই থেমে যায় পাটুলির ইনিংস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিঠুন মানহাস বলেন, “এত অল্প বয়সে ক্রিকেটারদের এই মানসিক দৃঢ়তা সত্যিই বিস্ময়কর। প্রযুক্তির নেশা থেকে দূরে রেখে শিশুদের খেলার মাঠের অভিমুখে ফিরিয়ে আনা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এখন অত্যন্ত জরুরি।” এদিনের ফাইনালে উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার এবং গার্গী বন্দ্যোপাধ্যায়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা।
প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, “এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল শিশুদের প্রতিভা তুলে ধরার মঞ্চ তৈরি করা।” অন্যদিকে, বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানান, ভবিষ্যতে আরও বড় আকারে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এদিন ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে খুদে ক্রিকেটারদের রিস্ট ব্যান্ড উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
এক নজরে পুরস্কার প্রাপকেরা:
টুর্নামেন্ট সেরা ও ম্যাচ সেরা: শৌভিক ঘোষ (পল্লীশ্রী)।
সেরা বোলার : অয়ন চৌবে (পল্লীশ্রী)।
সেরা ব্যাটার : অভ্রজিৎ বিশ্বাস (পাটুলি)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত