
রিয়াদ, ২৭ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে সৌদি আরবের রাজধানী রিয়াধের দিকে ছ’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই দু’টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। বাকি চারটি সমুদ্র উপকূল বা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে বলে জানা গেছে।
এছাড়াও রিয়াদ ও তার আশপাশে অন্তত ছ’টি ড্রোন মাটিতে আছড়ে পড়েছে। ড্রোন প্রতিরোধের সময় সেগুলির ধ্বংসাবশেষ একটি সামরিক ঘাঁটির কাছে পড়লেও কোনও প্রাণহানির খবর মেলেনি।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রিয়াদ ও পূর্ব প্রদেশের আকাশে ড্রোনগুলি চিহ্নিত করে ধ্বংস করা হয়। যদিও নির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর থেকেই ইরান-কে ঘিরে সংঘাত তীব্র হয়েছে। এর জেরে একাধিক দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার প্রভাব পড়েছে আঞ্চলিক নিরাপত্তা, পরিকাঠামো এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও।
বর্তমান পরিস্থিতিতে গোটা পশ্চিম এশিয়া জুড়ে উদ্বেগ বাড়ছে, এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নজর রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য