রাশিয়ার পাশে উত্তর কোরিয়া-বেলারুশ, কিম-লুকাশেঙ্কোর বৈঠকে সহযোগিতা চুক্তি
পিয়ংইয়ং ( উত্তর কোরিয়া ), ২৭ মার্চ (হি.স.) : ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার প্রতি সমর্থন আরও জোরালো করল উত্তর কোরিয়া ও বেলারুশ। এই ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে পারস্পরিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং
রাশিয়ার পাশে উত্তর কোরিয়া-বেলারুশ, কিম-লুকাশেঙ্কোর বৈঠকে সহযোগিতা চুক্তি


পিয়ংইয়ং ( উত্তর কোরিয়া ), ২৭ মার্চ (হি.স.) : ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার প্রতি সমর্থন আরও জোরালো করল উত্তর কোরিয়া ও বেলারুশ। এই ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে পারস্পরিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার শীর্ষ বৈঠকে মিলিত হয়ে বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার এই তথ্য জানিয়েছে।

দুই দিনের সরকারি সফরে পিয়ংইয়ংয়ে যান লুকাশেঙ্কো। বৈঠকে তিনি বলেন, পিয়ংইয়ং-মিনস্ক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। অন্যদিকে কিম আন্তর্জাতিক মঞ্চে বেলারুশের ‘সার্বভৌম অধিকার রক্ষা’র নীতির প্রতি সমর্থন জানান। বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে সমর্থনের বিষয়টি পুনরায় উল্লেখ করা হয়। পাশাপাশি কূটনীতি, কৃষি, জনস্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উচ্চপর্যায়ের আদান-প্রদান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার দিকেও জোর দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই নেতা উপহার বিনিময় করেন এবং একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। সফরের শেষ দিনে কিম নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে লুকাশেঙ্কোকে বিদায় জানান।

উল্লেখ্য, উত্তর কোরিয়া ও বেলারুশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৯২ সালে। ১৯৯৫ সাল থেকে দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটি কার্যকর রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande