
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেই দেশবাসীকে বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই সিদ্ধান্তের পর পেট্রোলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়াল ৩ টাকা। আর ডিজেলের ক্ষেত্রে শূন্যে নেমে এল। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক্স মাধ্যমে জানান, পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ঘরোয়া ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের উপর কেন্দ্রীয় সরকার অন্তঃশুল্ক প্রতি লিটারে ১০ টাকা করে কমিয়েছে। এর ফলে গ্রাহকরা মূল্যবৃদ্ধি থেকে সুরক্ষিত থাকবেন। প্রধানমন্ত্রী মোদী সর্বদা নিশ্চিত করেছেন যাতে নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্যের অনিশ্চয়তা থেকে সুরক্ষিত থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ