
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): শুক্রবার সাতসকালে হঠাৎ বাড়িতে আগুন লাগায় দগ্ধ হলেন পাঁচ জন। এ দিন সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির কেশব পুরম থানার অন্তর্গত সবজি মান্ডি এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কেশব পুরম থানা এলাকার ত্রিনগর সবজি মান্ডি এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; এতে পাঁচজন আহত হন। আহতদের প্রথমে দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁদের সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের পরিবারের এক সদস্য বলেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আগুন প্রথমে একটি মোটর থেকে লাগে। কাছেই কিছু জিনিস রাখা ছিল, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেগুলোতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ