
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। এভাবেই সুস্থ হতে থাকলে, দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে তাঁকে। শুক্রবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ বলেন, সোনিয়া গান্ধী এখন অনেক ভালো আছেন। চিকিৎসাগতভাবে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি স্বাভাবিক এবং আমরা আশা করছি, এক-দুই দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, জ্বর নিয়ে কয়েকদিন আগে দিল্লির এই হাসপাতালে ভর্তি হন সোনিয়া। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যেই মা-কে দেখতে হাসপাতালে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কথা বলেন ডাক্তারদের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ