
মধ্যমগ্রাম, ৩১ মার্চ (হি. স.): মঙ্গলবার সাতসকালে মধ্যমগ্রাম মিউনিসিপালিটি-র ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়-এর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযোগ, সকালে কাউন্সিলর বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী রূপালী রায় ঠাকুরের পুজোর বাসন মাজতে বাড়ির বাইরে বের হন। অভিযোগ, সেই সময় এলাকার বিজেপি কর্মী লোকনাথ দাস ধারালো অস্ত্র নিয়ে আচমকা বাড়িতে ঢুকে হামলা চালায়। রূপালী রায় কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত দা নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তিনি কোনও রকমে গেট বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে প্রাণে রক্ষা পান।স্ত্রীর চিৎকার শুনে কাউন্সিলর সুশান্ত রায় নিচে নেমে আসেন। তিনি দেখেন অভিযুক্ত গলি দিয়ে পালিয়ে যাচ্ছে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। কাউন্সিলরের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর সক্রিয় কর্মী এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁকে প্রাণে মারার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে।খবর পেয়ে মধ্যমগ্রাম পুলিশ স্টেশন-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লোকনাথ দাসকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়