কোচবিহারে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা, কাঠগড়ায় তৃণমূল
কোচবিহার, ৩১ মার্চ (হি.স.): কোচবিহারে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার ঘটনা সামনে এল। মঙ্গলবার প্রচার চলাকালীন এই হামলার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার নেপথ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ
কোচবিহারে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা, কাঠগড়ায় তৃণমূল


কোচবিহার, ৩১ মার্চ (হি.স.): কোচবিহারে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার ঘটনা সামনে এল। মঙ্গলবার প্রচার চলাকালীন এই হামলার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার নেপথ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু মঙ্গলবার সুতকাবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার সারছিলেন। প্রচার শেষে তাঁর কনভয় যখন ফিরছিল, সেই সময় একদল দুষ্কৃতী গাড়িগুলি ঘিরে ফেলে। অভিযোগ, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় এবং গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে। এই হামলায় কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।

বিজেপির দাবি, এই হামলায় তাঁদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। আহত কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে সুরক্ষিত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

বিজেপি এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের পালটা দাবি, ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে এবং সেই জনরোষেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের প্রচারের সময় বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছিল। নির্বাচনের মুখে কোচবিহারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande