
গুয়াহাটি, ৩১ মাৰ্চ (হি.স.) : অসমের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের আবেদনপত্ৰ প্রকাশ করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘প্রজ্ঞা ফাউন্ডেশন’। আহ্বানপত্রের মাধ্যমে সংগঠনটি অসমের পরিচয়, সংস্কৃতি এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত জটিল বিষয়গুলির প্রতি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে ‘প্রজ্ঞা’।
অসমের বহু সত্ৰাধিকার, ধর্মগুরু, উপাচার্য, শিল্পী, সাহিত্যিক, সেনা আধিকারিক, অধ্যাপক, আইনজীবী সহ দু-শতাধিক বিশিষ্ট নাগরিক এই আবেদনে স্বাক্ষর করেছেন। আবেদনে মূলত বিভাজনের পর নিম্ন অসম থেকে উজান অসমে দ্রুততার সঙ্গে সংগঠিত জনবিন্যাসের পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিবাসীদের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বহু অঞ্চলের স্থানীয় মানুষ নিজেদের বাসস্থান ছাড়তে বাধ্য হচ্ছেন।
রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও ভূমির ওপর যে হুমকি তৈরি হয়েছে, তা রোধ করতে নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময় সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অসমের জনসংখ্যার ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে শুধুমাত্র সেই সব প্রার্থী বা রাজনৈতিক দলকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে, যারা এ সব বিষয়ে ওয়াকিবহাল এবং প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণকে নির্বাচনী অঙ্গীকারের অংশ করার আহ্বান জানানো হয়েছে। নতুন প্রজন্মকে রক্ষা করতে মাদক ও নেশার বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণকারী দলগুলিকে সমর্থন করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে, রাষ্ট্রবিরোধী ও স্থানীয় স্বার্থবিরোধী শক্তির অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
ভূমির অধিকারের প্রশ্নে বলা হয়েছে, বেদখলমুক্ত প্রশাসন এবং স্থানীয় জনগণের ভূমির অগ্রাধিকার নিশ্চিত করা উচিত। শান্তি ও স্থিতিশীলতার প্রসঙ্গে বলা হয়েছে, অসমকে হত্যা, বোমা বিস্ফোরণ ও বনধ-এর পুরনো যুগে ফিরে যাওয়ার পরিবর্তে একটি দক্ষ ও স্থিতিশীল সরকার নির্বাচন করা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে আত্মনির্ভরতা, স্থানীয় পণ্যের প্রচার, জৈব কৃষি নিয়ন্ত্রণ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ ইত্যাদি বিষয়েও রাজনৈতিক দলগুলির অবস্থান স্পষ্ট হওয়া দরকার বলে উল্লেখ করা হয়েছে।
শেষে, অসমের ভবিষ্যতের স্বার্থে শতভাগ ভোটদান নিশ্চিত করার আহ্বান জানিয়ে ভোটারদের সতর্ক করে বলা হয়েছে, নোটা ব্যবহার করে মূল্যবান ভোট নষ্ট না করতে। কারণ এর ফলে পরোক্ষভাবে স্থানীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই আবেদনে বলা হয়েছে, অসমের সংস্কৃতি, স্থানীয় ভাষা এবং স্থানীয় জনগণের অধিকারের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ একটি শক্তিশালী ও দক্ষ সরকারের প্রয়োজন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস