
ফতেহাবাদ, ৩১ মার্চ (হি.স.) : ফেসবুকের ভুয়ো বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মার্চ এই ঘটনায় অভিযোগ দায়ের করেন লাজপত নগরের বাসিন্দা সুশীল কুমার। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মোবাইলে ফেসবুক ব্যবহার করার সময় একটি বিজ্ঞাপন তাঁর নজরে আসে। সেখানে একটি অ্যাপ ডাউনলোড করলে অবাঞ্ছিত কল ও মেসেজ বন্ধ হয়ে যাবে বলে দাবি করা হয়েছিল। সেই প্রলোভনে পড়ে তিনি অ্যাপটি ডাউনলোড করেন।
এরপরই তাঁর মোবাইল হ্যাং হয়ে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে মেসেজ পান তিনি।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইবার পোর্টালে মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রযুক্তিগত তদন্তে অভিযুক্তের পরিচয় মেলে জয়পুরের শাস্ত্রী নগরের বাসিন্দা ইউনুস খান হিসেবে। পরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকি টাকার সন্ধানে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য