
কলকাতা, ৩১ মার্চ (হি. স.): ডিএ বকেয়া পরিশোধ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, কয়েকদিন আগে ১০০ শতাংশ ডিএ বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে বলে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।তিনি জানান, সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি, শুধুমাত্র মেসেজ পাঠানো হয়েছে। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে সরকার প্রতারণা করেছে এবং কর্মচারীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন।এই পরিস্থিতিতে আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছে সংগঠন। আগামী ১২ তারিখ সকল স্তরের মানুষকে নিয়ে হাজার মোড় থেকে মিছিল শুরু করে হরিশ মুখার্জি স্ট্রিট অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতের লড়াইও চলবে বলে জানানো হয়েছে।সংগঠনের দাবি, গ্রুপ এ, বি, সি এর অর্থ পিএফের মাধ্যমে নয়, সরাসরি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে ডিএ বকেয়ার টাকা জমা দিতে হবে। সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়