
কলকাতা, ৩১ মার্চ (হি.স.): জাতীয় নির্বাচন কমিশন পরিচালিত পশ্চিমবঙ্গ জুড়ে চলা বিশেষ নিবিড় পুনরীক্ষণ বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল এসইউসিআই (কমিউনিস্ট)। মঙ্গলবার দলের রাজ্য কমিটির পক্ষ থেকে এই প্রক্রিয়ার বিরোধিতা করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, মাত্র তিন মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এসআইআর সম্পন্ন করার তাড়াহুড়োয় সাধারণ মানুষ থেকে শুরু করে নির্বাচন কর্মী—সকলেই চরম হয়রানির শিকার হয়েছেন। এই অবৈজ্ঞানিক পদ্ধতির ফলে রাজ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে দলটি।
দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে দাবি করেন যে, এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকা লক্ষ লক্ষ মানুষকে কাজ ফেলে বাড়ি ফিরতে বাধ্য হতে হয়েছে। পরবর্তীতে অনলাইন ব্যবস্থা চালু করা হলেও প্রান্তিক ও দরিদ্র মানুষের সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। চিঠিতে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে যে, প্রায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষের শুনানি প্রক্রিয়ায় বৃদ্ধ, অসুস্থ এমনকি অন্তঃসত্ত্বা মহিলারাও রেহাই পাননি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা বা নথিপত্র সংক্রান্ত উৎকণ্ঠার জেরে বহু মানুষের মৃত্যু বা আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে এসইউসিআই(সি)-র পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনে লেখা ওই চিঠিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির প্রসঙ্গটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, নামের বানান ভুলের মতো নগণ্য কারণে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন রাখা হয়েছে। অথচ এই বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। এসইউসিআই(সি)-র বক্তব্য অনুযায়ী, এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় রাজ্যের প্রান্তিক, সংখ্যালঘু ও নিম্নবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাঁদের ট্রাইব্যুনালে যেতে বাধ্য করা হচ্ছে, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বিষয়।
পরিশেষে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, বিতর্কিত এসআইআর-ভিত্তিক তালিকার পরিবর্তে ২০২৫ সালের ভোটার তালিকা অনুসারেই আসন্ন নির্বাচন সম্পন্ন করতে হবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে যাঁরা নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, তাঁদেরও তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সকল বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে জোরালো আহ্বান জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত