ধর্মনগর উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, আস্থা বাড়াতে প্রশাসনের রোড মার্চ
ধর্মনগর (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর
ধর্মনগরের নিরাপত্তা জোরদার


ধর্মনগর (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধর্মনগর জুড়ে মোট ছয়টি নাকা পয়েন্ট স্থাপন করা হয়েছে। এই নাকা পয়েন্টগুলিতে ২৪ ঘণ্টা নিরাপত্তা কর্মী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মীরা মোতায়েন রয়েছেন। প্রতিটি যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহজনক গতিবিধির উপর রাখা হচ্ছে কড়া নজরদারি, যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এর পাশাপাশি ধর্মনগর থানার উদ্যোগে প্রতিদিনই বিশাল পুলিশ বাহিনী ও আধা-সামরিক বাহিনী নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি চালানো হচ্ছে। শহরের জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ মোড় এবং সংবেদনশীল অঞ্চলে বাড়ানো হয়েছে নজরদারি।

এই নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই মঙ্গলবার ধর্মনগর শহরে আয়োজিত হয় রোড মার্চ। রোড মার্চে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন, পুলিশ সুপার অভিনাশ রাই, ধর্মনগরের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার, মহকুমা পুলিশ আধিকারিক, ধর্মনগর থানার অফিসার ইনচার্জসহ আধা-সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

রোড মার্চটি ধর্মনগর থানা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্বাচনকে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভোটের দিন যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত টহলদারি, নাকা চেকিং এবং রোড মার্চের ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা বেড়েছে, যা নির্বাচনের পরিবেশকে আরও শান্তিপূর্ণ করে তুলবে।

সব মিলিয়ে, ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসন কোনও রকম ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এই পদক্ষেপগুলি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন ধর্মনগরের জনগণ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande