“জল নেই তো ভোট নেই” স্লোগানে থলিবাড়িতে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি
বক্সনগর (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে সামনে উঠে আসছে সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভের চিত্র। এরই প্রতিফলন দেখা গেল সি
ভুক্তভোগী জনগণ


বক্সনগর (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে সামনে উঠে আসছে সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভের চিত্র। এরই প্রতিফলন দেখা গেল সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি টিটিএএডিসি ভিলেজে। মৌলিক পরিষেবার দাবিতে সরব হয়ে “জল নেই তো ভোট নেই, রাস্তা নেই তো ভোট নেই”—এই স্লোগান তুলে একপ্রকার নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুপছড়া, বালুছড়া এবং মাতামবাড়ি—এই তিনটি পাড়ার মানুষ দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট ও ভগ্নপ্রায় রাস্তার সমস্যায় ভুগছেন। এই দুই মৌলিক পরিষেবার অভাবে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

সম্প্রতি প্রায় ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ একত্রিত হয়ে সংবাদমাধ্যমের সামনে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। প্রতিবাদে শামিল ছিলেন অরমনি ত্রিপুরা, শান্তিপদ ত্রিপুরা, ব্রজেন্দ্র ত্রিপুরা, বচ্চন ত্রিপুরা, চিরন লক্ষ্মী ত্রিপুরা, খুশি রানী ত্রিপুরা, চিরন কন্যা ত্রিপুরা সহ আরও অনেকে। তাঁদের একটাই সুর—প্রতিবার নির্বাচনের আগে নেতারা এসে একের পর এক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না।

স্থানীয়দের অভিযোগ, গত ৮- ৯ বছর ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের কোনও সুব্যবস্থা নেই। অনেক সময় দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করতে বাধ্য হন তাঁরা। অন্যদিকে, পূর্ববর্তী সরকারের আমলে নির্মিত রাস্তাগুলি বর্তমানে ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জরুরি পরিষেবাও বিঘ্নিত হচ্ছে।

ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন তোলেন, “আমরাও তো এই রাজ্যের নাগরিক। তাহলে কেন আমরা এখনও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত থাকব?” বর্তমান রাজ্য সরকার এবং টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানান, বহুবার আবেদন-নিবেদন করার পরও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই কঠোর অবস্থান নিয়েছেন এলাকাবাসী। তাঁদের স্পষ্ট বার্তা, আগে পানীয় জল ও রাস্তার সমস্যা সমাধান করতে হবে, তারপরই তাঁরা ভোটের কথা ভাববেন। অন্যথায় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে না গিয়ে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande