
ঢাকা, ১২ এপ্রিল (হি. স.) : প্রয়াত হয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান তথা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ মো. আবদুর রজ্জাক। শনিবার গভীর রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিএআরসি ডঃ রজ্জাকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশ এক অনন্য মেধা সম্পন্ন কৃষি বিজ্ঞানী এবং দূরদর্শী নেতাকে হারাল। বাংলাদেশের কৃষি গবেষণার ক্ষেত্রকে আধুনিক ও গতিশীল করে তোলার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। কাউন্সিল তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
ডঃ আবদুর রজ্জাক বাংলাদেশে 'ফার্মিং সিস্টেম রিসার্চ' এবং স্থায়ী গ্রামীণ কৃষি উন্নয়নের বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। কৃষি বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ বইও লিখেছেন তিনি। তাঁর অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে আমেরিকার পারডু ইউনিভার্সিটি তাঁকে সম্মানজনক 'ডিস্টিংগুইশড এগ্রিকালচারাল অ্যালামনাই অ্যাওয়ার্ড'-এ ভূষিত করেছিল। তাঁর প্রয়াণ বাংলাদেশের কৃষি বিজ্ঞানের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / সোনালি