
আসানসোল, ১২ এপ্রিল (হি. স.) : আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অবৈধ কারবারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল। শনিবার রাতে সালানপুর থানার কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি মিনিবাস থেকে কয়েক লক্ষ টাকার অবৈধ লটারি টিকিট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মাইথনের কালীপাহাড়ি এলাকা থেকে একটি মিনিবাস আসানসোলের দিকে আসছিল। কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় বাসটিকে থামানো হয়। তল্লাশি চালাতেই বাসের ভিতর থেকে পাঁচটি বড় বস্তা ভর্তি লটারি টিকিট উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া লটারির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ লটারি আসানসোল এবং পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এই কারবারের পিছনে একটি বড় চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছে পুলিশ। সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে গুড্ডু খান এবং দীপক তিওয়ারি লটারির জোগান দিত এবং স্থানীয় স্তরে তা বণ্টনের দায়িত্বে ছিল পল্টু সিং নামে এক ব্যক্তি। এই চক্রটি জামুড়িয়া, রানিগঞ্জ এবং দুর্গাপুর পর্যন্ত জাল বিছিয়ে রেখেছে বলে অভিযোগ।
তবে পুলিশের এই অভিযান ঘিরে কিছু বিতর্কও দানা বেঁধেছে। বাসের চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকের পক্ষ থেকে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার ঘটনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, ঝাড়খণ্ড-বঙ্গ সীমান্তে ইদানীং অবৈধ লটারি কারবার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যা রুখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি