
সোনামুখী, ১২ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গের মানুষ তুষ্টিকরণের রাজনীতি প্রত্যাখ্যান করে আস্থা, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের পথে বিজেপির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বলে মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
রবিবার বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলায় পরিবর্তন আসবেই এবং রাজ্য ইতিমধ্যেই নতুন পরিবর্তনের পথে এগোচ্ছে। তাঁর দাবি, আজকের বাংলার পরিস্থিতি দেখে দুঃখ হয়, কারণ আগে কংগ্রেস, পরে বামফ্রন্ট এবং গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস রাজ্যকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, উত্তর প্রদেশে এখন “নো কার্ফু, নো দাঙ্গা” পরিস্থিতি রয়েছে এবং রাজ্য থেকে মাফিয়া ও অপরাধী চক্র নির্মূল করা হয়েছে। তাঁর বক্তব্য, “ডাবল ইঞ্জিন বিজেপি সরকার দাঙ্গাবাজদের কঠোর জবাব দেবে এবং যেখানে বিজেপি সরকার আছে, সেখানে কর্মসংস্থান ও উন্নয়ন নিশ্চিত হয়।”
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে এবং প্রচারে নতুন মাত্রা যোগ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য