
কুমারঘাট (ত্রিপুরা), ১৭ এপ্রিল (হি.স.) : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকেই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ২৮টি আসনের ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের মোট ১৭টি গণনা কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে শুরু হয় গণনা প্রক্রিয়া। ঊনকোটি জেলার কুমারঘাট বালিকা বিদ্যালয়েও এদিন সকাল থেকেই শুরু হয় ২-মাছমারা এবং ৪- করমছড়া আসনের ভোট গণনা।
দুই কেন্দ্র মিলিয়ে মোট ২৮টি টেবিলে প্রথমে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়। এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা শুরু হয়।
প্রথম রাউন্ডের গণনায় মাছমারা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার। তিনি পেয়েছেন ৪২০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রা মথা দলের স্বপন কুমার চাকমা পেয়েছেন ২৪১১ ভোট।
অন্যদিকে, করমছড়া আসনেও প্রথম রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী বিমল কান্তি চাকমা। তাঁর প্রাপ্ত ভোট ৪৫৮২। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তিপ্রা মথা প্রার্থী রতিশ ত্রিপুরা পেয়েছেন ৩৫০৬ ভোট।
ভোট গণনাকে কেন্দ্র করে কুমারঘাটে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্র চত্বরের ২০০ মিটার এলাকাজুড়ে জারি করা হয়েছে ১৬৩ ধারা এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
গণনাকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন সকাল থেকেই গণনা কেন্দ্র পরিদর্শন করেন ঊনকোটি জেলার জেলা শাসক ডঃ তমাল মজুমদার এবং জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর। জেলা শাসক জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গণনা চলছে এবং প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য।
তিনি আরও জানান, গণনা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি পর্যায়ে নজরদারি রাখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ