
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : আইপিএল মঞ্চে রানের গতি এবার কেবল স্কোরবোর্ডেই সীমাবদ্ধ থাকবে না, তা সরাসরি অবদান রাখবে প্রকৃতির সবুজায়নে। ২০২৬ আইপিএল মরসুমে পরিবেশ রক্ষার লক্ষ্যে ‘রানস টু রুটস’ নামে এক টেকসই ও অভিনব উদ্যোগের সূচনা করল কলকাতা নাইট রাইডার্স। শনিবার কলকাতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কেকেআরের সহ-মালিক তথা বিশিষ্ট অভিনেত্রী জুহি চাওলা।
ফ্র্যাঞ্চাইজির ঘোষণা অনুযায়ী, ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স যত রান সংগ্রহ করবে, প্রতি এক রানের বিনিময়ে ১০টি করে চারাগাছ রোপণ করা হবে। অর্থাৎ ব্যাটারদের প্রতিটি রান এখন থেকে সরাসরি যুক্ত হবে পরিবেশের ভারসাম্য রক্ষায়। কেকেআর কর্তৃপক্ষের দাবি, তারা দীর্ঘ বছর ধরেই পরিবেশবান্ধব নানা কর্মসূচিতে সক্রিয়। ‘রানস টু রুটস’ সেই ধারাবাহিকতাকে এক বৃহত্তর ও কার্যকর পরিসরে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ।
বিশেষজ্ঞদের মতে, ক্রীড়া ও পরিবেশ—এই দুই ভিন্ন ক্ষেত্রকে একসূত্রে বাঁধার এই প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাস্তুতন্ত্রের ওপর ইতিবাচক প্রভাব তৈরির এই অঙ্গীকার নাইট অনুরাগীদের মধ্যেও এক গঠনমূলক বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটের উন্মাদনার মাঝে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এই অনন্য নিদর্শন নিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে এক নতুন দিশা দেখাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত