
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে উৎসবের রঙে রঙিন কল্যাণী। আর এই বিশেষ আবহেই নিজেদের ২১তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে অভিনব উদ্যোগ নিল জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’। সংস্থার ২১ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে গ্রাহকদের জন্য আনা হয়েছে এক বিশেষ অফার, যা ইতিমধ্যেই খাদ্য রসিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রেস্তোরাঁ সূত্রে জানানো হয়েছে, ২১ ও ২২ এপ্রিল— এই দু’দিন কল্যাণী সেন্ট্রাল পার্ক সংলগ্ন আউটলেটে বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। মাত্র ২১০ টাকায় পরিবেশন করা হচ্ছে ২১ পদের এক বিশাল বাঙালি থালি। এই থালিতে শুক্তো থেকে মিষ্টি— প্রতিটি পদেই রয়েছে ঘরোয়া স্বাদ এবং ঐতিহ্যের ছোঁয়া। সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার দেবাশিস সেন শর্মা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং দীর্ঘদিনের গ্রাহক-সম্পর্ককে আরও দৃঢ় করা।
প্রতিষ্ঠা দিবসের এই অফারের খবর ছড়িয়ে পড়তেই রেস্তোরাঁয় ভিড় জমাতে শুরু করেছেন শহরবাসী। পরিবার ও বন্ধুদের নিয়ে বহু মানুষ হাজির হচ্ছেন এই বিশেষ ভোজের স্বাদ নিতে। খাদ্যপ্রেমীদের মতে, বর্তমান সময়ে এত কম দামে এতগুলি পদের মানসম্মত বাঙালি খাবার পাওয়া সত্যিই বিরল। উৎসবের আমেজ, সাশ্রয়ী দাম এবং বাঙালিয়ানার এই মেলবন্ধন ২১ বছরের এই উদযাপনকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত