
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অবাধ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে রাজ্যজুড়ে নাকা চেকিং জোরদার করেছে নির্বাচন কমিশন। পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে চলা এই তল্লাশিতেই সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার জোকা এলাকায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জোকা ট্রাম ডিপোর কাছে ডায়মন্ড হারবার রোডে নাকা চেকিং চলাকালীন এই অর্থ উদ্ধার করে নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম (এসএসটি)।
প্রশাসন সূত্রের খবর, ঠাকুরপুকুর থানা এলাকার অন্তর্গত ১৫৩ - বেহালা (পূর্ব) বিধানসভা কেন্দ্রে কড়া নজরদারি চালাচ্ছিলেন কমিশনের আধিকারিকরা। সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে মোট ১১, ৫৭, ৮৪২ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের অর্থের সপক্ষে ওই ব্যক্তি বৈধ কোনো নথি বা ঘোষণা দেখাতে পারেননি। এরপরই নির্বাচন কমিশনের নির্ধারিত এসওপি বা আদর্শ কার্যবিধি মেনে সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই অঘোষিত অর্থের উৎস কী এবং তা নির্বাচনের কোনো কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের ঠিক মুখে এই ধরনের বড় অঙ্কের টাকা উদ্ধার হওয়ার ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ভোটের সময় অবৈধ অর্থ ও প্রতিপত্তির ব্যবহার রুখতে আগামী দিনগুলোতেও এই নজরদারি আরও কঠোর করা হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত