
কলকাতা, ২১ এপ্রিল ( হি. স.) : ভারতীয় অনূর্ধ্ব - ১৭ পুরুষ দল যথাক্রমে ২৫ ও ২৮ এপ্রিল, শনি ও রবিবার কাতারের বিরুদ্ধে একজোড়া প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দু’টি কাতারের দোহায় তা অনুষ্ঠিত হবে।সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব - ১৭ এশিয়ান কাপ ২০২৬-এর আগে এই খেলা ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ। দুই ম্যাচ হবে দর্শকশূন্য অবস্থায় এবং ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে আরম্ভ ।
এই মুহূর্তে ‘ব্লু কোল্টস’ থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে শুক্রবার ১-০ গোলে জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচের পর মঙ্গলবার অর্থাৎ আজকের দিনে দলটি ২২ এপ্রিল দোহার উদ্দেশে রওনা দেবে। ৩০ এপ্রিল দোহা থেকে সৌদি আরবের জেড্ডায় পৌঁছবে ।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে গ্রুপ ডি - তে রয়েছে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (৬ মে), উজবেকিস্তান (১০ মে) এবং উত্তর কোরিয়া (১৩ মে)।
দোহার সফরে ২৪ জনের সম্পূর্ণ দল পৌঁছে যাবে। এশিয়ান কাপের জন্য চূড়ান্ত ২৩ জনের দল পরে ঘোষণার কথা জানানো হবে।
দোহায় ভারত অনূর্ধ্ব - ১৭ দলের প্রীতি ম্যাচের সূচি :
রাত ৯টা ৩০ (ভারতীয় সময়), ২৫ এপ্রিল : কাতার ও ভারত।
রাত ৯টা ৩০ (ভারতীয় সময়), ২৮ এপ্রিল : কাতার ও ভারত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত