গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহেরও পূর্বাভাস
কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): গরমে দুর্বিষহ অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভ্যাপসা গরমে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম বজায় থাকবে। এই মর্মে জারি
গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহেরও পূর্বাভাস


কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): গরমে দুর্বিষহ অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভ্যাপসা গরমে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম বজায় থাকবে। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেও জানানো হয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির কিছু অংশে আগামী সাত দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পূর্ব এবং উপকূলীয় জেলাগুলির কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। উপকূলীয় জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ থেকে ৯৫ শতাংশ। রাজ্যের মধ্যভাগের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৮৫ শতাংশ। ফলে ভ্যাপসা গরম ভোগাবে বঙ্গবাসীকে।

পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে গরমের জন্য রয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গরমে অবস্থা খারাপ কলকাতাতেও, বুধবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande