
কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.) : শচীন রমেশ তেন্ডুলকর। শুক্রবার (২৪ এপ্রিল ১৯৭৩) তাঁর জন্মদিন। তিনি বিশ্ব ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত। মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে তার টেস্ট অভিষেক। এরপর থেকে তিনি ধারাবাহিক ভাবে চব্বিশ বছর আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলে গেছেন। তিনি টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক শতকের অধিকারীসহ বেশ কিছু বিশ্বরেকর্ড করেছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টেস্ট ক্রিকেট মিলিয়ে শততম শতক করেছেন। ২০১৩ সালের ৫ অক্টোবর, তিনি সমস্ত ধরনের স্বীকৃত ক্রিকেট খেলায় প্রথম ভারতীয় হিসেবে মোট ৫০ হাজার রানের মালিক হন। ২০১১ সালে তিনি ভারতের একদিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
২০০২ সাল ভারতীয় ক্রিকেটের কাছে একটা স্মরনীয় দিন। উইজডেন এই বছর শচীন তেন্ডুলকরকে একটি নিবন্ধে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার এবং ভিভ রিচার্ডসের পরে বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করেছে। ২০১৩ সালে উইজডেনের সার্ধ্বশতবার্ষিকী উপলক্ষে সর্বকালের সেরা বিশ্ব টেস্ট একাদশের দলে একমাত্র ভারতীয় হিসেবে তার স্থান হয়েছিল।
তাঁকে সম্মান জানাতে ১৯৯৭-১৯৯৮ সালে ভারত সরকার তাঁকে সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিল। ২০০৮ সালে তাঁকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। ২০১০ সালে আইসিসি শচীনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে। খেলার পাশাপাশি তিনি আবার রাজনীতিতেও এসেছেন ২০১২। সেবার তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
২০১২ সালে ২৩ ডিসেম্বর শচীন তেন্ডুলকর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক টি২০ ক্রিকেট ও ২০১৩ সালের ১৬ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তম টেস্ট ম্যাচ জয়লাভ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। টেস্ট থেকে অবসর গ্রহণের পরেই ভারত সরকার শচীনকে ২০১৪ র ২৬ জানুয়ারি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন প্রদান করে তাঁকে সন্মান জানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি