
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি জানান, শিবাজী মহারাজের নিরলস সংগ্রাম এবং জীবনগাথা অনন্তকাল ধরে দেশবাসীকে মাতৃভূমির প্রতি উৎসর্গীকৃত হওয়ার অনুপ্রেরণা জোগাবে।এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় অমিত শাহ বলেন, ভারতীয় স্বাভিমানের অমর প্রতীক এবং রাষ্ট্রীয় গৌরবের রক্ষক ছত্রপতি শিবাজী মহারাজকে স্মরণ করে তাঁর চরণে বন্দনা করছি। ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং হিন্দভি স্বরাজ প্রতিষ্ঠা করেছিলেন। সমুদ্রের ওপর নিয়ন্ত্রণের গুরুত্ব অনুধাবন করে তাঁর তৈরি শক্তিশালী নৌবাহিনী তাঁর অদ্বিতীয় কৌশলগত দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন। একজন শাসক কীভাবে একই সঙ্গে নিজ সংস্কৃতি ও নিজ ভাষা রক্ষা করার পাশাপাশি জনকল্যাণের আদর্শ স্থাপন করতে পারেন, শিবাজী মহারাজের জীবন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।উল্লেখ্য, ১৬৩০ সালে পুনের শিবনেরি দুর্গে জন্মগ্রহণকারী ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং একজন দক্ষ রণকৌশলী। তিনি মুঘলদের বিরুদ্ধে 'স্বরাজ' প্রতিষ্ঠার লড়াই করেছিলেন এবং গরিলা যুদ্ধ কৌশলের মাধ্যমে আদিলশাহী ও মুঘল বাহিনীকে পরাজিত করেছিলেন। অষ্টপ্রধান মণ্ডলের মাধ্যমে দক্ষ প্রশাসন পরিচালনা এবং 'হিন্দু পদ পাদশাহী'-র প্রণেতা হিসেবে ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। ১৬৮০ সালের ৩ এপ্রিল এই মহান জননায়কের প্রয়াণ ঘটেছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি