
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দেশের বিশিষ্টজনেরা। উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন,লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ একাধিক নেতা যীশু খ্রিস্টের ত্যাগ ও মানবতার বার্তা স্মরণ করেন।
উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন গুড ফ্রাইডে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে যীশুখ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করলেন। এদিন তিনি সামাজিক মাধ্যমে জানান, গুড ফ্রাইডে মানবতার প্রতি যিশু খ্রিস্টের সর্বোচ্চ ত্যাগের দিন। তাঁর জীবন ও শিক্ষা মানুষকে ভালোবাসা, করুণা, ক্ষমা ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, এই দিন সত্য, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির প্রতিশ্রুতি আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গুড ফ্রাইডে উপলক্ষে যিশুখ্রিস্টের আত্মত্যাগকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, যীশুখ্রিস্ট মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ আমাদের দয়া, সহমর্মিতা ও বিশ্বাসকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করেন, এই দিন সকলকে সদ্ভাব ও মানবিকতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুড ফ্রাইডে উপলক্ষে যীশুখ্রিস্টের ত্যাগকে স্মরণ করে বার্তা দিলেন। তিনি বলেন, করুণা, ক্ষমা ও ত্যাগের মূল্যবোধ আমাদের জীবনকে আলোকিত করুক এবং প্রতিটি চিন্তা ও কাজে সত্যের জয় হোক। এই বার্তাই এই দিনের মূল শিক্ষা।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গুড ফ্রাইডে উপলক্ষে যীশুখ্রিস্টের শিক্ষাকে স্মরণ করে বিশ্বকল্যাণের বার্তা দেন। যিশুর শিক্ষাকে আত্মস্থ করে মানবকল্যাণে প্রেম, সহমর্মিতা ও সদ্ভাব ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যিশুর দেখানো পথ অনুসরণ করে প্রেম, করুণা ও সদ্ভাব ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।
সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুড ফ্রাইডে উপলক্ষে যীশুখ্রিস্টের জীবনাদর্শ স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
তিনি বলেন, যীশুখ্রিস্টের জীবন আমাদের বিনয় ও সেবার এক অনন্য উদাহরণ, যা আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করা উচিত।
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী গুড ফ্রাইডে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, শান্তি, প্রেম ও করুণার বার্তার দিলেন।
তিনি বলেন, গুড ফ্রাইডে সকলকে শান্তি, ভালোবাসা ও সহমর্মিতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। এই দিন আমাদের মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে পথ দেখাক।
গুড ফ্রাইডে উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, এই পবিত্র দিনে সকলের মঙ্গল ও সুখের জন্য প্রার্থনা করা উচিত।
প্রসঙ্গত , গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন। এই দিনেই যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাঁর বয়স তখন মাত্র ৩৩ বছর। ঘটনাটি ঘটেছিল এক শুক্রবারে—তাই দিনটির নাম ‘গুড ফ্রাইডে’।
এই দিনটি মূলত যীশু খ্রিস্টের আত্মত্যাগ, মানবতার প্রতি তাঁর অসীম ভালোবাসা এবং ক্ষমার বাণীকে স্মরণ করার দিন হিসেবে পালিত হয়। যদিও দিনটির সঙ্গে জড়িয়ে আছে বেদনাদায়ক ইতিহাস, তবুও তাঁর আত্মবলিদান মানবজাতির জন্য মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছে বলেই একে ‘গুড’ বা পবিত্র হিসেবে গণ্য করা হয়। বিশ্বজুড়ে এই দিনে প্রার্থনা, উপবাস এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে যিশুর ত্যাগ ও শিক্ষাকে স্মরণ করা হয়। তাঁর দেখানো ভালোবাসা, ক্ষমা ও সত্যের পথ অনুসরণের বার্তাই এই দিনের মূল তাৎপর্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য