
নয়াদিল্লি , ৩ এপ্রিল (হি.স.) : শুক্রবার মালদ্বীপের মালে-র জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দল বাংলাদেশের মুখোমুখি হবে। সাম্প্রতিক সময়ে উভয় দলই বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে, যার মধ্যে গ্রুপ পর্বে ম্যাচটি ১-১ ড্র হয়েছে। শুক্রবারের শীর্ষ লড়াইটি আরও একটি রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। ভারত ৪ বারের চ্যাম্পিয়ন। শুক্রবার পঞ্চম সাফ ট্রফি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ফাইনালে নামছে।
ভারতের প্রধান কোচ মহেশ গাওয়ালি বাংলাদেশের দেওয়া চ্যালেঞ্জ স্বীকার করেছেন। “ ফাইনালটা সহজ হবে না। বাংলাদেশ একটি আক্রমণাত্মক ও প্রতিভাবান দল এবং আমাদের জন্য তা কঠিন হবে। তাছাড়া, স্টেডিয়ামে তাদের জন্য প্রচুর সমর্থন থাকবে। আমাদের শুধু মাঠে ভালো খেলতে হবে। তবে আমরা আমাদের লক্ষ্য এবং পারফরম্যান্সের ওপর মনোযোগ দেব,” গাওয়ালি বলেছেন।
এই ফাইনালটি গত বছরের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্মৃতিও মনে করিয়ে দিচ্ছে,যেখানে নির্ধারিত সময়ে ১-১ হওয়ার পর পেনাল্টিতে ভারত বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল। বাংলাদেশ সেই ফলাফলের প্রতিশোধ নিতে শুক্রবার উদগ্রীব থাকবে, যা এই লড়াইয়ে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
গ্রুপ পর্বের শুরুতেও দল দুটি মুখোমুখি হয়েছিল। ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র হয়। সেই ফলাফলই বুঝিয়ে দিচ্ছে ফাইনালটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। তবে, ফাইনালে ওঠার পথে দুটি দলের যাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেমিফাইনালে ভারত ভুটানকে পাঁচ গোল দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, অন্যদিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
সব শেষ ফাইনাল সম্পর্কে এটুকু বলা যায়,উভয় দলই সমান শক্তিশালী এবং শিরোপা জয়ের লড়াই হওয়ায় ফাইনালটি উচ্চমানের হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে ভারত তার শিরোপা রক্ষার চেষ্টা করবে, আর বাংলাদেশ ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখার চেষ্টা করবে। ম্যাচটি ভারতীয় সময় রাত ৮ : ৩০ মিনিটে খেলা শুরু হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি