
কলকাতা, ০৩ এপ্রিল (হি.স.): আগামী ১৩ এপ্রিল থেকে বেঙ্গালুরুর 'সেন্টার অফ এক্সেলেন্স' (পুরনো এনসিএ)-তে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-২৩ পুরুষদের হাই-পারফরম্যান্স শিবির। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিবির চলবে আগামী ৭ মে পর্যন্ত। শিবিরের জন্য নির্বাচিত সমস্ত ক্রিকেটারকে আগামী ১২ এপ্রিল বেঙ্গালুরুতে রিপোর্ট করতে বলা হয়েছে।
বিসিসিআই-এর পক্ষ থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ এই বার্তা দিয়েছেন। এবারের অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন বাংলার সৌরাশিস লাহিড়ী। তবে বোলিং কোচের নাম পরবর্তী পর্যায়ে বিস্তারিতভাবে জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ হাই-পারফরম্যান্স ক্যাম্পের জন্যও দল ঘোষণা করা হয়েছে। এই শিবিরে ডাক পেয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লার পুত্র অগস্ত্য শুক্লা। অগস্ত্যর পাশাপাশি বাংলা থেকে এই শিবিরে সুযোগ পেয়েছেন রোহিত যাদবও। তাঁদের দুজনকেই বেঙ্গালুরুর নবনির্মিত 'সেন্টার অফ এক্সেলেন্স' তথা উৎকর্ষ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণ তুর্কিদের এই প্রতিভা অন্বেষণ শিবিরে বাংলার দুই ক্রিকেটারের সুযোগ পাওয়া স্বভাবতই খুশির হাওয়া ক্রিকেট মহলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত