
ধর্মশালা, ৩০ এপ্রিল (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একদিনের সফরে বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের কাংড়ায় পৌঁছেছেন। তিনি এখানে তিনটি রাজ্যের জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন, যেখানে সংগঠন শক্তিশালীকরণ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।
এদিন দিল্লি থেকে বিশেষ বিমানে কাংড়া বিমানবন্দরে পৌঁছে রাহুল গান্ধী সেখান থেকে সরাসরি গুপ্ত গঙ্গা এলাকার শিবিরস্থলে যান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে সংগঠনকে আরও সক্রিয় করা, জনসংযোগ বৃদ্ধি এবং রাজনৈতিক বার্তা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।
শিবিরে অংশ নেওয়া তিনটি রাজ্যের প্রায় ৮০ জন জেলা সভাপতি তৃণমূল স্তরে সংগঠন পরিচালনা, ভোটার সংযোগ এবং রাজনৈতিক প্রচারের আধুনিক কৌশল নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে এই কর্মসূচিকে কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাহুল গান্ধীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে শিবিরস্থল পর্যন্ত একাধিক নিরাপত্তা সংস্থা নজরদারি চালাচ্ছে।
কর্মসূচি শেষে দুপুরে তিনি শিবিরস্থল ত্যাগ করবেন এবং বিকেলে কাংড়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য