
পূর্ব বর্ধমান, ২ মে (হি.স.): দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। রাহুল হালদার নামে ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারির পারিজাতনগরে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে বেড়াতে যান মেমারি থানার পাল্লা ৪ নম্বর দামোদর নদের ঘাটে। রাহুল একাই জলে নেমে তলিয়ে যান। শনিবার দুপুর পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও, এখনও পর্যন্ত তার কোনও হদিস মেলেনি।
উল্লেখ্য, মাস খানেক আগে মেমারিতেই বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছিল এক কিশোরের। চলতি বছরের মার্চ মাসে অসাবধানতায় তলিয়ে যায় সে। দুর্ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের মেমারির মধ্যপাল্লা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, সেসময় ৪ জন স্নান করতে নেমে মোবাইলে রিলস বানাচ্ছিল। সেই নেশাই কাল হয়। রিলস বানাতে বানাতে সেই সময় অসাবধানতাবশত এক কিশোর আচমকা তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ