
উত্তর ২৪ পরগনা, ২ মে (হি.স.): উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার কালীতলা গ্রাম পঞ্চায়েতের ২৪৩ নম্বর বুথে চাঞ্চল্য ছড়াল। বিজেপির বুথ এজেন্ট কঙ্কন বৈদ্যের বাড়ির সামনে শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কালো প্লাস্টিক মোড়া একটি বান্ডিল ফেলে যায়। শনিবার সকালে তা খুলে দেখা যায়, ভিতরে রয়েছে সাদা থান কাপড়। বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ভয় দেখাতে এই কাজ করেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ভিত্তিহীন অভিযোগ। এটি বিজেপির নিজের চক্রান্ত। বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি করার অপরাধেই এই লাগাতার মানসিক হেনস্থা।
উল্লেখ্য, কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জেই এক বিজেপি নেতার বাড়িতে এসেছিল সাদা থান। সাদা থানের সঙ্গেই কাগজে লেখা ছিল এবার 'বলো হরি হরি বোল' করে দেবো। তা নিয়েই রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোর শুরু হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এলাকার পদ্ম নেতারা। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল ঘাসফুল শিবির। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ