
শ্রীভূমি (অসম), ২ মে (হি.স.) : শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ভোট গণনা আগামী ৪ মে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।
জারিকৃত নিষেধাজ্ঞা অনুসারে, ৪ মে সোমবার সকাল ৫-টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ কলেজের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি, করিমগঞ্জ কলেজের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও ধরনের ব্যক্তিগত যানবাহন প্রবেশ করতে পারবে না। করিমগঞ্জ কলেজ থেকে ১০০ মিটারের মধ্যে যানবাহনে বাধা সৃষ্টি ও অবৈধ পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে করিমগঞ্জ কলেজ থেকে ১০০ মিটার পর্যন্ত কোনও লাউড স্পিকার বাজানো ও বাজি-পটকা ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনও ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী ও অন্য কোনও সন্দেহজনক সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে এই আদেশ পুলিশ কর্মী, সেন্ট্রাল আর্ম ফোর্স, গণনায় নিয়োজিত আধিকারিক ও কর্মী এবং জরুরি পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৪ মে সকাল ৫-টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে সতর্ক করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস