
কলকাতা, ২ মে (হি.স.): ২০০-র বেশি আসন নিয়ে তৃণমূল জিতবে বলে জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে এ কথা বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়। হাতে মাত্র একটা দিন। সোমবারই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। তার ঠিক আগে, শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল সুপ্রিমো এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে। কোনও কেন্দ্রের জয়ের ব্যবধান কম হলে এজেন্টদের পুনর্গণনার দাবি তুলতে হবে। এছাড়া, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা-অভিষেক জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাঁরা এ-ও জানান যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। তৃণমূলের ওই সূত্রের দাবি, বৈঠকের শুরুতেই ‘আপসহীন লড়াইয়ের’ জন্য দলের কর্মীদের অভিনন্দন জানান মমতা। দলের কর্মী-সমর্থকদের উপর কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়েও ফের সরব হন তিনি। আশ্বাস দেন যে, যাঁরা কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ সহ্য করেছে, দল তাঁদের পুরস্কৃত করবে।
তৃণমূল সূত্রে খবর, এ দিন বৈঠকে অভিষেক বলেন, কোনওভাবেই বিজেপি ক্ষমতায় আসছে না। ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেস এ বার আরও বেশি আসন পাবে। তাঁর দাবি, গণমাধ্যমে যে সব বুথ ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে— সেটা দেখে বিজেপিও বিশ্বাস করছে না যে, তারাই সরকার গঠন করতে যাচ্ছে। বাস্তবতা সম্পর্কে তারা পুরোপুরি অবগত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ