ধুবুলিয়া ও রানাঘাটে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী
কলকাতা, ২ মে (হি. স.): বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। শনিবার এই উপলক্ষ্যে রাজ্য জুড়েই দিনটিতে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অস্কারজয়ী এই পরিচালকের জন্মদিন স্মরণে নদিয
সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ২ মে (হি. স.): বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। শনিবার এই উপলক্ষ্যে রাজ্য জুড়েই দিনটিতে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অস্কারজয়ী এই পরিচালকের জন্মদিন স্মরণে নদিয়া জেলার ধুবুলিয়াতে ‘কথাশিল্প’ নামক বাচিক সংস্থা এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। ধুবুলিয়া শিশু নিকেতনের বীণাপাণি মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা পর্বে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

​এই মহান লেখক, শিল্পী ও পরিচালকের জীবন ও কীর্তি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন শ্যামাপ্রসাদ ঘোষ, স্বপন পাল, পীতম ভট্টাচার্য প্রমুখ। আলোচক পীতম ভট্টাচার্য জানান যে, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষরা একদা নদিয়া জেলাতেই বসবাস করতেন। এদিনের আলোচনায় তাঁর শিশুসাহিত্য, ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদনা এবং প্রতিবাদী সত্যজিৎ বিষয়ে আলোকপাত করেন আলোচকেরা। ‘কথাশিল্প’-র ছাত্র-ছাত্রীরা তাঁর স্মৃতির উদ্দেশে কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করে। সেই সঙ্গে পরিবেশিত হয় তাঁর পরিচালিত সিনেমার গানও।

​অন্যদিকে, এদিন রানাঘাটে ‘বৈশাখী কালচারাল ইউনিট’ সংস্থার পক্ষ থেকে নজরুল মঞ্চের সামনে অবস্থিত সত্যজিৎ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সংস্থার পক্ষে সুব্রত গাঙ্গুলি জানান, রানাঘাট শহরে তাঁরা এইরকম আরও অনেক লেখক ও সাহিত্যিকের আবক্ষ মূর্তি স্থাপন করেছেন। প্রসঙ্গত, রানাঘাটে সত্যজিৎ রায়ের এই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করতে একদা এসেছিলেন তাঁর পুত্র সন্দীপ রায়। সামগ্রিকভাবে নদিয়া জেলায় দিনটি বেশ আড়ম্বরের সঙ্গেই পালিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande