
ভুবনেশ্বর, ২ মে (হি.স.) : বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ তৈরির পূর্বাভাস ঘিরে সতর্ক ও প্রস্তুত ওড়িশা সরকার। রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি শনিবার জানিয়েছেন, আগামী দিনে ঘূর্ণিঝড়, বন্যা বা তাপপ্রবাহ—যে কোনও পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, একাধিক আন্তর্জাতিক আবহাওয়া মডেলের পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে যে, আগামী ১১ থেকে ১৫ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের আবহাওয়া দফতর(আইএমডি) কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে ওড়িশার ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “ওড়িশা দুর্যোগপ্রবণ রাজ্য। এপ্রিল মাসে প্রায়ই বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হয়, আর মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।”
তিনি জানান, রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা হোক বা ঘূর্ণিঝড়—যে কোনও পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, বলেন তিনি।
পূজারি আরও জানান, বিভিন্ন আবহাওয়া সংস্থার পূর্বাভাসের নির্ভুলতা ভিন্ন হতে পারে, তবুও সরকার সব ধরনের সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে দেখছে এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালাচ্ছে।
মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে সম্ভাব্য আবহাওয়া পরিবর্তন নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, ঠিক তখনই রাজ্যের প্রস্তুতি নিয়ে এই বার্তা দিলেন মন্ত্রী। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও পূর্বাভাস জারি করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস