কেরলমে ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
তিরুবনন্তপুরম, ২ মে (হি.স.): কেরলমের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী তিনদিন জুড়ে ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ,বজ্র-বিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভ
ভারী বৃষ্টির পূর্বাভাস: কেরালার একাধিক জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি আইএমডি-এর


তিরুবনন্তপুরম, ২ মে (হি.স.): কেরলমের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী তিনদিন জুড়ে ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ,বজ্র-বিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সতর্কবার্তায় জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৬৪.৫ মিমি থেকে ১১৫.৫ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শনিবার আলাপ্পুঝা, কোট্টায়াম, ইডুক্কি, এর্নাকুলাম, ত্রিশূর, কোঝিকোড়, ওয়েনাড় ও কন্নুর জেলায় সতর্কতা জারি রয়েছে। রবিবার কোল্লাম, পাথানামথিট্টা ও আলাপ্পুঝায় এবং সোমবার ইডুক্কি, পালাক্কাড় ও মালাপ্পুরম জেলায় এই সতর্কতা বলবৎ থাকবে।

বজ্রপাতজনিত ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, মানুষের পাশাপাশি পশু ও বৈদ্যুতিক পরিকাঠামোরও ক্ষতির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় ঘরের ভিতরে থাকার, খোলা জায়গা, জলাশয় বা ছাদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বজ্রঝড়ের সময় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, তারযুক্ত ফোন ব্যবহার না করা এবং মাছ ধরা, নৌকাবিহার বা বাইরের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পরিষেবা নেওয়ার কথাও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande