
নয়াদিল্লি, ৮ এপ্রিল ( হি. স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং ডাব্লিউটিআই ক্রুড—উভয় প্রকার তেলের দামই কমেছে। হরমুজ প্রণালী পুনরায় যাতায়াতের জন্য খুলে দেওয়ার প্রতিশ্রুতি মেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৬ শতাংশ বা ১৭.৩৯ ডলার কমে ব্যারেল প্রতি ৯১.৮৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডাব্লিউটিআই ক্রুডের দাম ২০ শতাংশ বা প্রায় ২১.৯০ ডলার কমে ব্যারেল প্রতি ৯১.০৫ ডলারে নেমে এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমান দাম কমলেও তা পশ্চিম এশিয়া সংকট শুরুর আগের তুলনায় এখনও কিছুটা বেশি।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববাজারে স্বস্তির নিঃশ্বাস। এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ কতটা স্বাভাবিক হবে, তার ওপরই নির্ভর করছে আগামী দিনে তেলের দামের গতিপ্রকৃতি। এই ঘোষণার প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম কমার পাশাপাশি শেয়ার বাজারেও বড় ধরনের বৃদ্ধি দেখা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি