
গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : ভারতের নির্বাচন কমিশনের আমন্ত্রণে সাতটি দেশের নির্বাচন পরিচালন সংস্থার ১২ জন বিদেশি প্রতিনিধি আজ বুধবার গুয়াহাটি এসে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনের তিনজন প্রতিনিধি।
আন্তর্জাতিক নির্বাচন দর্শনার্থী কর্মসূচি (আইইভিপি)-র অধীনে সাতটি দেশের নির্বাচন পরিচালন সংস্থার প্রতিনিধিকে আগামীকাল অসমের ষোড়শ বিধানসভা নির্বাচন-উৎসবে শামিল হতে আমন্ত্রণ জানিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে আমন্ত্রিত সাতটি দেশের ১২ জন প্রতিনিধি আজ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তাঁদের দুদিবসীয় সফরের উদ্দেশ্য হলো, বিশ্বব্যাপী নির্বাচন সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি করা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা। এই সময়ে বিদেশের প্রতিনিধিদল ভোটগ্রহণ প্রক্রিয়া, প্রশাসনিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থাপনার কার্যপ্রণালী কাছ থেকে অধ্যয়ন করবেন।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কর্মসূচি গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত নির্বাচন পদ্ধতি ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস