
- ৩১,৪৮৬টি ভোটকেন্দ্রে নিয়োগ ১,৫১,১৩২ জন ভোটকর্মী, মোতায়েন প্রায় ২০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী
- ১০০ শতাংশ ভোট নিশ্চিত করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান অসমের সিইও অনুরাগ গোয়েলের
গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : আগামীকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার ষোড়শ অসম বিধানসভা নির্বাচন। ভোটগ্ৰহণ শুরু হবে সকাল ০৭:০০টা থেকে, চলবে বিকাল ০৫:০০টা পর্যন্ত। শান্তিপূৰ্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটপৰ্ব সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল থেকে ১২৬টি আসনের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা নিজেদের ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হচ্ছেন। দূরবর্তী ভোটকেন্দ্র, বিশেষ করে পাহাড়ি জেলা ডিমা হাসাও এবং কাৰ্বি আংলঙের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে কর্মীদের গতকাল মঙ্গলবারই পাঠানো হয়েছে, যাতে তাঁরা আজকের মধ্যে নিজ নিজ কেন্দ্রে পৌঁছতে পারেন।
এদিকে, ১০০ শতাংশ ভোট নিশ্চিত করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অসমের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) অনুরাগ গোয়েল। তিনি রাজ্যের প্রত্যেক যোগ্য ভোটারকে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন। সিইও গোয়েল জানান, আগামীকাল ৯ এপ্রিল এক দফায় রাজ্যের সমস্ত ১২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের অসম বিধানসভা সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিস্তৃত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা এবং নির্বাচনী ব্যয় সহ সব দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন’ (এসভিইইপি) কর্মসূচির অধীনে রাজ্যজুড়ে সচেতনতা উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিআরপিএফ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিপিএফ) মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল ভোটকেন্দ্রগুলোতে মাইক্রো অবজারভারও নিয়োগ করা হয়েছে। ভোটকেন্দ্রে পানীয় জল, অপেক্ষাস্থল, ভোটারদের বসার ব্যবস্থা এবং মোবাইল ফোন জমা রাখার সুবিধা সহ প্রয়োজনীয় সব মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
গোটা রাজ্যে মোট ১,৫১,১৩২ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। ভোটদানের জন্য রয়েছে ৪,৩২০টি ব্যালট ইউনিট, ৪৩,৯৭৫টি কন্ট্রোল ইউনিট এবং ৪৩,৯৯৭টি ভিভিপ্যাট মেশিন। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত কর্মীও প্রস্তুত রাখা হয়েছে।
ষোড়শ অসম বিধানসভা নির্বাচনে নির্দলীয় সহ বিভিন্ন স্বীকৃত জাতীয় ও আঞ্চলিক দলের মোট ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬৬৩ জন পুরুষ এবং ৫৯ জন মহিলা। কংগ্রেস ৯৯টি এবং বিজেপি ৯০টি আসনে প্রার্থী দিয়েছে।
এছাড়া আম আদমি পার্টি ১৮, সিপিআই(এম) ২, অসম গণ পরিষদ ২৬, এআইইউডিএফ ৩০, বিপিএফ ১১, ইউপিপিএল ১৮, তৃণমূল কংগ্রেস ২২ সহ বিভিন্ন আঞ্চলিক দল প্রার্থী দিয়েছে। পাশাপাশি ২৫৮ জন নির্দল প্রার্থীও রয়েছেন।
অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ কোটি ৫০ লক্ষ ২১ হাজার ৪১৩। এর মধ্যে পুরুষ ১ কোটি ২৫ লক্ষ ১৬ হাজার ৫৯১, মহিলা ১ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ৫০১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩২১ জন।
নতুন ১ লক্ষ ৬৪ হাজার ৪৮ জন ভোটার যুক্ত হয়েছেন এবং ১ লক্ষ ৭৭৪ জনের নাম বাদ পড়েছে। ১৮-১৯ বছর বয়সি ভোটার ৬ লক্ষ ২৮ হাজার ৯৩, ৮৫ বছরের বেশি ১ লক্ষ ২ হাজার ৪৭২ এবং ১০০ বছরের বেশি বয়সি ভোটার ২ হাজার ৪৮২ জন।
সবচেয়ে বেশি ভোটার রয়েছেন দলগাঁও কেন্দ্রে (৩ লক্ষ ১৭ হাজার ১১০) এবং সবচেয়ে কম আমরি কেন্দ্রে (১ লক্ষ ৪৯৪)। ভোটগ্রহণের জন্য রাজ্যে মোট ৩১,৪৮৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রায় ২০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় কড়া নজরদারি এবং সিসিটিভি ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
মোট ৩১,৪৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে গ্রামীণ এলাকায় ২৭,৭১১ এবং শহুরে এলাকায় ৩,৭৭৫টি। মহিলাদের দ্বারা পরিচালিত কেন্দ্র ৩,৭১৬টি এবং মডেল কেন্দ্র ১২৬টি। সব কেন্দ্রেই ওয়েব কাস্টিঙের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছিল, আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৪৯টি আসন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস