
সারণ, ৮ এপ্রিল (হি. স.): বিহারের সারন জেলার নগর থানা এলাকার অন্তর্গত মোহন নগর এলাকায় মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা আনন্দ মিশ্রের বাড়িতে এই আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে তা লেলিহান রূপ ধারণ করে এবং কয়েক লক্ষ টাকার সম্পত্তি ভস্মীভূত হয়ে যায়। এই দুর্ঘটনায় পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন, যাঁদের মধ্যে এক মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যখন পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বাড়ির প্রধান ফটক ও একতলায় আগুন লাগে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বাড়ির লোকেরা ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। আগুনের শিখায় বেশ কয়েকজন সদস্য ভেতরেই আটকা পড়েছিলেন, যারা প্রাণপণ চেষ্টায় কোনওক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাড়ির ভেতরে থাকা যানবহনগুলিও পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
আনন্দ মিশ্রের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ব্যাটারি চালিত স্কুটি, দুটি মোটরসাইকেল এবং সাইকেলগুলি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও বাড়িতে মজুত থাকা প্রসাধন সামগ্রী, আসবাবপত্র, দামি পোশাক এবং অন্যান্য গৃহস্থালির সরঞ্জাম ছাইয়ে পরিণত হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।
আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা শুরু করেন, কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পাওয়ার পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে আনন্দ মিশ্রের বাড়ির সমস্ত আসবাবপত্র ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ মহিলাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
হিন্দুস্থান সমাচার / সোনালি