
নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) :ভারতের বিদেশমন্ত্রী এস . জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকে ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর আর্জি জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকারের বিদেশমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর।
বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দেন এস . জয়শঙ্কর। বৈঠকের পর তিনি সামাজিক মাধ্যমে লেখেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় হয়েছে। ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানান তিনি।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে বিভিন্ন দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে দুই পক্ষই সহমত পোষণ করেছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়। এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
সফরকালে ড. রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন। পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। পাশাপাশি সার সরবরাহ বৃদ্ধির দাবিও তোলেন।
ভারতের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এছাড়াও, বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। বিশেষত চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দ্রুত প্রদানের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
উভয় দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠে আসে। এ প্রসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র প্রত্যর্পণের বিষয়টি পুনরায় উত্থাপন করা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য