
গুয়াহাটি, ৮ এপ্রিল (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার দায়েরকৃত এক মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে তেলেঙ্গানা হাইকোৰ্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়া।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মার একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে বলে গত ৫ এপ্রিল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা পবন খেড়া। ওই অভিযোগকে খণ্ডন করে গত ৬ এপ্রিল কংগ্রেস নেতা পবন খেড়ার বিরুদ্ধে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের করেছিলেন রিনিকি ভূঞা শর্মা। তাঁর বিরুদ্ধে কংগ্রেস নেতা যে অভিযোগ তুলেছেন, তা সর্বৈব মিথ্যা, বলেছেন মামলাকারিণী রিনিকি। মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রিনিকির বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও শক্তিশালী ইস্যু না থাকায় তাকে ‘সফট টার্গেট’ করে আক্রমণ করা হচ্ছে।
এদিকে রিনিকি ভূঞা শর্মার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আসাম পুলিশ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় এক মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে গতকাল আসাম পুলিশের একটি দল দিল্লিতে পবন খেরার বাসভবনে গিয়েছিল। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস